ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। এর জন্য একটি নীতিমালা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক নিয়মিত সভা থেকে ডোপ টেস্টের নীতিমালা তৈরির জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ (সিন্ডিকেট সদস্য) টিটো মিঞাকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই সিন্ডিকেট সভায় উপাচার্য মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
সিন্ডিকেট সভায় শিক্ষাছুটি নিয়ে বিদেশে পিএইচডি করতে গিয়ে নির্ধারিত সময়ে না ফেরা এবং বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ পরিশোধ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামানকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।
সিন্ডিকেটের এ সভা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সুপারিশ অনুযায়ী, ২৯ গবেষককে পিএইচডি ও ১৩ গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হয়। এর বাইরে সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষকের দুটি পদে নির্বাচনী বোর্ডের করা সুপারিশের বিষয়টি সিন্ডিকেটকে অবহিত করা হয়।
