প্রায় দেড় বছর পর স্কুল খুলল ভারতের রাজধানী দিল্লিতে। মহামারীর কারণে এতদিন বন্ধ থাকার পর গতকাল বুধবার থেকে স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
দিল্লিতে সম্প্রতি কভিডের প্রাদুর্ভাব কমে যাওয়ায় ১৭ মাস পর স্কুলগুলো খুলে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়। তবে প্রাথমিকভাবে বেশ কিছু নিয়ম মেনেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। ক্লাসে প্রবেশের আগে শিক্ষার্থীদের থার্মাল স্ক্যানিং করা হবে।
সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষ করে মধ্যাহ্ন বিরতিতে খাবারের সময় সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার তাগিদ দিয়েছে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষ (ডিডিএমএ)। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া দিনে যেন সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে আসতে পারে সেভাবে রুটিন তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে জরুরি ব্যবহারের জন্য কোয়ারেন্টাইন রুম চালুরও পরামর্শ দিয়েছে ডিডিএমএ। সংস্থাটির নীতিমালায় বলা হয়েছে, স্কুল খুললেও লকডাউন জোনে থাকা ছাত্র-শিক্ষকরা ক্লাসে যেতে পারবে না।
কৌটিল্য সরকারি বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সিএস ভার্মা এনডিটিভিকে বলেন, ‘শিক্ষার্থীরা ফিরে আসায় আমরা খুবই খুশি। আমরা কঠোর সামাজিক দূরত্ব নিশ্চিত করব। শিক্ষার্থীদের খাবার বা নোটবুক শেয়ার করতে দেওয়া হবে না। কোনো শিশু যদি অসুস্থ বোধ করে সেটি বিবেচনায় আমরা একটি আইসোলেশন রুমও তৈরি করেছি।’
