চাঁদপুরের শাহরাস্তিতে দশম শ্রেণিতে পড়–য়া এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তার নাম মো. আজাদ হোসেন প্রকাশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রায়শ্রী গ্রামে এই ঘটনা ঘটে। তিনি রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
নির্যাতিত শিশুর পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সোমবার সকালে বাড়ির পাশে মাঠে ওই ছাত্র ছাগল চরাচ্ছিলেন। এসময় আজাদ তাকে মোবাইলে আপত্তিকর ভিডিও দেখার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ভিড় করলে আজাদ এ ব্যাপারে কাউকে কিছু না বলতে তাদের হুমকিধমকি দেয়।
এদিকে ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় আজাদকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে তাদেরও হুমকি দেয়। এক পর্যায়ে ক্ষিপ্ত লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত আজাদকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই ঘটনায় নির্যাতিত শিশু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
