বন বিড়াল হত্যা করে ফেসবুকে উল্লাস!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৬ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বরচেগ গ্রামে একটি বন বিড়ালকে হত্যা করা হয়েছে। হত্যার পর সেই বনবিড়ালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে উল্লাস করেছেন অভিযুক্তরা।

বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে মামলা দায়ের করবে বলে জানিয়েছে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে বিপন্ন প্রায় একটি বনবিড়াল হত্যা করেন বরচেক গ্রামের মো. মোস্তফা মিয়া। পরে সেই ছবি ফেসবুকে প্রচার করে হত্যা করতে পারায় আনন্দ প্রকাশ করেছেন।

এই বিষয়ে যোগাযোগ করা হলে হত্যাকারী হিসেবে অভিযুক্ত মো. মোস্তফা বলেন, ‘আমার মামাতো ভাইয়ের ফার্মে এসে মোরগ খেয়ে ফেলত তাই আমার মামাতো ভাই পিংকু হত্যা করেছে। পরে আমি ফেসবুকে ছবি দিয়ে দাবি করেছি আমি হত্যা করেছি।’

প্রাণী গবেষকরা জানিয়েছেন, বন বিড়াল খুবই উপকারী প্রাণী।

ঢাবির প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও বন্যপ্রাণী গবেষক মুনতাসির আকাশ জানানা, এর ইংরেজি নাম Jungle Cat আর বৈজ্ঞানিক নাম Felis chaus। একে জংলি বিড়াল, খাগড়া বিড়াল প্রভৃতি নামেও অভিহিত করা হয়। এরা নিশাচর। রাতের আঁধারে এরা ছোট পাখি বা পাখির ডিম, ছানা প্রভৃতি শিকার করে খায়। এক লাফে কয়েক ফুট পৌঁছে যেতে পারে।  আইইউসিএন বাংলাদেশের তথ্যমতে, প্রজাতিটি প্রায় সংকটাপন্ন।  

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউয়াল করিম চৌধুরী জানান, বন্যপ্রাণী হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ। কারও ক্ষতি করে থাকলে আমরা তার ক্ষতিপূরণ দেই কিন্তু হত্যা করে তারা অপরাধ করেছে। আমরা বন বিড়াল হত্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত