প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহেও এসেছে বেশ কিছু আলোচিত নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শো। জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হেইস্ট (পঞ্চম মৌসুম) গতকাল মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এর গল্পে স্পেনের টাঁকশাল রয়েল মিন্ট থেকে টাকা ছাপিয়ে নিয়ে যাবে একদল ডাকাত। ডাকাত-পুলিশের এই ‘টম অ্যান্ড জেরি’ খেলা বিশ্বজুড়ে বেশ আলোচিত। ‘মানি হেইস্ট’ জ্বরে সবাই এতটাই কাবু যে ভারতের জয়পুরের একটি প্রতিষ্ঠান কর্মীদের ছুটি দিয়ে দিয়েছে গতকাল। নেটফ্লিক্স জানিয়েছে, দুই ভলিউমে মুক্তি পাবে পঞ্চম মৌসুম। কলকাতার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বয়ফ্রেন্ডজ অ্যান্ড গার্লফ্রেন্ডজ’। ছোটবেলার তিন বন্ধু ও তাদের প্রেম নিয়ে মৈনাক ভৌমিকের লেখা ও পরিকল্পনায় সিরিজটি পরিচালনা করেছেন শুভঙ্কর পাল। অভিনয়ে ইশা সাহা, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, উজান চট্টোপাধ্যায়, অদ্রিজা রায় ও মধুরিমা ঘোষ। জিফাইভে মুক্তি পেয়েছে সিনেমা ‘হেলমেট’। জন্মনিরোধক নিয়ে সমাজে ট্যাবুর শেষ নেই। প্রয়োজন, তবে মুখ ফুটে যেন বলা যায় না। সেই জন্মনিরোধক মানুষের ঘরে ঘরে গিয়ে বিক্রির কাজ করেন অপরশক্তি খুরানা। তার নায়িকা হিসেবে আছেন প্রনুতন বহেল। ডিজনি অ্যানিমেশন ছবি ‘সিনড্রেলা’ ভালো লাগেনি এমন দর্শক পাওয়া ভার। সেই অ্যানিমেশন চরিত্রগুলো এবার প্রাণ পেয়েছে হলিউড অভিনয়শিল্পীদের হাতে। ‘সিনড্রেলা’ লাইভ অ্যাকশন ছবিটি নিয়ে এসেছে আমাজন। সিনড্রেলা চরিত্রে দেখা যাবে মার্কিন শিল্পী ক্যামিলা ক্যাবেলোকে।
×
