ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭ এএম

টাঙ্গাইলের বাসাইলে ভিমরুলের কামড়ে নাজমুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নাজমুল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। গত শুক্রবার রাতে তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল শুক্রবার রাতে নিজ বাড়ির ঘাটে নৌকা বাঁধতে যান। নৌকা বাঁধার একপর্যায়ে নৌকার লগি ওপরে থাকা একটি গাছের ভিমরুলের চাকে লাগে। এ সময় ভিমরুল ঝাঁক বেঁধে এসে তার শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। ভিমরুলের কামড়ে শরীরে মারাত্মক যন্ত্রণা শুরু হলে স্বজনরা রাতেই তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ আব্দুল্লাহ আল আরিফ বলেন, ভিমরুলের কামড়ে আহত নাজমুলকে হাসপাতালে আনতে স্বজনরা বিলম্ব করেছেন। ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় তিনি মারা গেছেন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত