ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে হত্যা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:২১ এএম

কুমিল্লা সদর উপজেলায় ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের মীর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মীর বাড়ির পল্লী চিকিৎসক সৈয়দ বিলাল  হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

স্থানীয় পাঁচথুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, রবিবার মধ্যরাতে সাত থেকে আটজনের একটি দল ঘরে ঢুকে ওই দম্পতির কাছে কিছু একটা চাইছিল। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মারধর করে হত্যা করে পালিয়ে যায় দুবৃত্তরা। ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রী দুজনের হাত-পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। পরে বিষয়টি তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, পিবিআই ও সিআইডির সদস্যরা।

স্থানীয় একটি সূত্র জানায়, প্রায় দুই মাস আগে নিহত সৈয়দ বিলাল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় লুট হওয়া মালামাল কিছুদিন পরে পুত্রবধূ শিউলী বেগমের কাছ  থেকে উদ্ধার করা হয়। পরে শিউলী স্বীকার করেন ডাকাতির ঘটনা তিনি সাজিয়েছেন। এরপর এমন ঘটনা আর কখনো করবেন না মুচলেকা দিয়ে শিউলী ফের শ্বশুরবাড়িতে আসেন। স্থানীয়দের ধারণা, হত্যাকাণ্ডের পেছনেও তিনি জড়িত থাকতে পারেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত