নারায়ণগঞ্জে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থেকে নিখোঁজ হওয়া এক ইজিবাইক চালকের লাশ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে গাজীপুরে এক পোশাকশ্রমিক ও কুমিল্লার দেবিদ্বারে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

নারায়ণগঞ্জ : গতকাল দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়ণের চরপ্রসন্ন নগর এলাকার বাসুর ঘাটের কাছে ধঞ্চেক্ষেত থেকে পুলিশ নয়ন দাস (১৮) নামে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে। নয়ন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার আবদুল্লাহপুর গ্রামের জয়ো দাসের ছেলে। নিহতের বাবা বলেন, ‘নয়ন গ্রামের বাড়ি থেকে গত রবিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। সোমবার বিকেলে টঙ্গীবাড়ি থানায় গিয়েছি জিডি করার জন্য। কিন্তু পুলিশ জিডি না নিয়ে বিদায় করে দেয় এবং বলে রাত পর্যন্ত খুঁজে সকালে থানায় গেলে জিডি নেবে। পরে গতকাল সকালে লোকমুখে শুনে ফতুল্লায় এসে মৃতদেহ শনাক্ত করি।’

অভিযোগ অস্বীকার করে টঙ্গীবাড়ি থানার ওসি মাহাবুব আলম বলেন, ‘আমি লোকমুখে শুনেছি নিখোঁজের বিষয়টি। তবে জিডি করতে বা নিখোঁজের বিষয় নিয়ে তারা কেউ আসেননি।’

গাজীপুর : গতকাল দুপুরে গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল রাজাবাড়ী এলাকার একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রবিউল (৪৫) নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রবিউল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কাঁচদহ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে রবিউল আত্মহত্যা করেছেন।

দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের পূর্ব ফতেহাবাদ গ্রামে গতকাল দুপুরে মাজেদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, নিহত মাজেদা বেগম নির্জন বাড়িতে একাই থাকতেন।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, ওই গৃহবধূর মরদেহ পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পা বেঁধে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত