সংবাদ সম্মেলনে কাদের

বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জনগণ বিশ্বাস করে না

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৭ এএম

বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ কথা জনগণ এখন আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের। তিনি বলেছেন, ‘বিএনপি পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক।’

গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সবসময় বিএনপির অপরাজনীতির বিষয়ে কথা বলে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছেন। মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্রবহির্ভূত কাজ করা চোখে আঙুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী। এরই মাধ্যমে বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে! তাই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।’

গত এক যুগ ধরে দেশ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে গত এক যুগ ধরে বিএনপির রাজনীতিই গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের রাজনীতি এখন সংকটের খাদের কিনারে অবস্থান করছে। রাজনীতি আর মিথ্যাচার বিএনপিকে হতাশায় নিমজ্জিত করেছে। তাদের প্রতি জনগণের আস্থাহীনতা এ সংকটের জন্য বিএনপির অপরাজনীতিই দায়ী।’

এরপর এক মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনাকালে ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে, এমতাবস্থায় বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান জরুরি হয়ে পড়েছে। তাছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিলম্ব তথা ধীরগতি আমাদের সব অর্জনকে মøান করে দিয়েছে, তাই কোনোভাবেই আর বিলম্ব করা যাবে না।’ বাংলা ভাষায় লাইসেন্স তৈরি করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত