সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ। এই জয়ের সুবাদে এক ম্যাচে হাতে থাকতেই ৩-১ এ সিরিজ নিশ্চিত হলো টাইগারদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কিউইদের ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে বেশ চাপে পড়ে যায় স্বাগতিকেরা। অ্যাজাজ প্যাটেলের ঘূর্ণিতে ৩২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট।
তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ নাঈমের দায়িত্ব ব্যাটিংয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। নাঈম ৩৫ বলে ২৯ রান করে রান আউট হলেও মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৪৩ রানে। তার ৪৮ বলের ইনিংসে ছিল ১টি চার ও ২ ছক্কা।
দারুণ এক বাউন্ডারিতেই ৫ বল হাতে থাকতে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ।
এর আগে বোলিংয়ে বাংলাদেশের পক্ষে ৪টি করে উইকেট নিয়ে আলো কাড়েন মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
৫ ওভারে ২৫ রান চাই বাংলাদেশের
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ২৫ রান চাই বাংলাদেশের।
২২ রান নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও ১ রান নিয়ে আফিফ হোসেন ধ্রুব রয়েছেন উইকেটে।
১৫তম ওভারে ফিরে গেছেন ২৯ রান করা মোহাম্মদ নাঈম।
মাহমুদউল্লাহ-নাঈমের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
অ্যাজাজ প্যাটেলের জোড়া আঘাতে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে ওপেনার মোহাম্মদ নাঈমের সঙ্গে যোগ দিয়ে সেই চাপ কাটিয়ে দলকে টেনে নিচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
৯৪ রানের লক্ষ্যে ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৫/৩।
এরই মধ্যে ৩৩ রানের জুটি হয়ে গেছে মাহমুদউল্লাহ ও নাঈমের। মাহমুদউল্লাহ ২১ ও নাঈম ২৮ রান নিয়ে ব্যাট করছেন।
সাকিব-মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ
সেই অ্যাজাজ প্যাটেল। তৃতীয় টি-টোয়েন্টিতে যিনি বাংলাদেশের ব্যাটারদের সামনে ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছিলেন, ষষ্ঠ ওভারে জোড়া উইকেট তুলে নিলেন তিনি। সাকিব আল হাসানের পর ফেরালেন মুশফিকুর রহিমকেও। ফলে ৬ ওভারে ৩২ রান তুলতেই ৩ উইকেট হারাল বাংলাদেশ।
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। লক্ষ্য ছোট হলেও দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে স্বাগতিকেরা।
ওপেনার লিটন দাস ফিরেছিলেন দ্রুতই। তৃতীয় ওভারে কোল ম্যাকনকির শিকার হন তিনি ব্যক্তিগত ৬ রানে। প্যাটেলের শিকার হওয়ার আগে সাকিব ৮ রান করেন। মুশফিক রানের খাতা খুলতে পারেননি। মোহাম্মদ নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ এখন ব্যাট করছেন।
মোস্তাফিজ-নাসুমে ৯৩ রানে গুটিয়ে গেল কিউইরা
শুরুতেই দুই ওপেনারকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে রেখেছিলেন নাসুম আহমেদ। সেই চাপ কাটানোর চেষ্টায় যখন সফরকারীরা, তখনো নাসুমের জোড়া আঘাত। মোস্তাফিজুর রহমান তো বরাবরের মতোই দুর্দান্ত। উইল ইয়ংয়ের লড়াই সত্ত্বেও কার্যত নাসুম-ফিজের তোপে নিউজিল্যান্ড পারল না চ্যালেঞ্জিং পুঁজি গড়তে।
বুধবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৯৪ রানের লক্ষ্য দিতে পেরেছে কিউইরা।
শেষ ওভারে মোস্তাফিজের শিকার হওয়ার আগে ইয়ং খেলেছেন ৪৬ রানের ইনিংস। তার ৪৮ বলে ১ ছক্কা ও ৫ চারে সাজানো ইনিংসেই ১৯.৩ ওভারে ৯৩ রান করতে পেরেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের পক্ষে নাসুম ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। মোস্তাফিজ ৩.৩ ওভারে ১২ রান খরচায় ৪ উইকেট নেন। অন্য দুই উইকেট ভাগ করে নিয়েছেন মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
