কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন তৌফিক মকবুল (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। এ সময় উদ্ধারকর্মীরা তৌফিকের ডুবন্ত দুই বন্ধুকে জীবিত উদ্ধার করেন।
নিহত তৌফিক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দীন জানান, গতকাল দুপুর দেড়টার দিকে সমুদ্রের সিগাল পয়েন্টে দুই বন্ধুসহ গোসল করতে নামেন তৌফিক মকবুল। তখন সাগরে ভাটা চলছিল। স্রোতের টান ছিল প্রবল। ভাটার সময় সমুদ্রে গোসলে নামা নিষেধ, কিন্তু তা মানেননি তৌফিক। একপর্যায়ে স্রোতের টানে ভেসে যান তৌফিক ও তার বন্ধুরা। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তৌফিককে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম জানান, তৌফিক ও তার বন্ধুদের ভেসে যাওয়ার খবর পেয়ে সৈকতে দায়িত্বরত উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
