হাটহাজারী মাদ্রাসায় শূরা বৈঠক

মহাপরিচালক পদে নাম ঘোষণার পর মৃত্যু মাওলানা ছালামের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪২ এএম

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম বড় মাদ্রাসায় শূরা কমিটির বৈঠকে মারা গেছেন মাদ্রাসাটির পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আবদুস ছালাম চাটগাঁমী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক চলাকালে মহাপরিচালক হিসেবে আবদুস ছালামের নাম ঘোষণার পরপরই তিনি হুইল চেয়ারে বসা অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মাদ্রাসাটির পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম-২ শেখ আহমদ দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

হাটহাজারী মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফীর উত্তরসূরি নির্ধারণে গতকালের ওই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকের মাঝপথে আবদুস ছালামের মৃত্যুর পর মাদ্রাসা পরিচালনার জন্য ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মাওলানা ইয়াহিয়ার নাম ঘোষণা করে শূরা কমিটির বৈঠক মুলতবি করা হয়। পরবর্তী শূরা বৈঠক না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল শূরা সদস্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মাওলানা আবদুস ছালাম সাত পুত্র, চার কন্যা, আত্মীয়স্বজন ও শিক্ষার্থীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। শাহ আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার মহাপরিচালক ও মুহতামিম নির্ধারণ নিয়ে ১১ সদস্যের শূরা কমিটির বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশগ্রহণ করেন মাওলানা আবদুস ছালাম। বৈঠকে মহাপরিচালক হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এর পরপরই তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। পরে হুইল চেয়ারে বসা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসাইন মাওলানা আবদুস ছালামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গতকাল রাত ১১টায় মাদ্রাসা চত্বরে জানাজা শেষে মাওলানা আবদুস ছালামকে মাদ্রাসা এলাকায় দাফন করার কথা ছিল।

ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া : চিকিৎসকরা মাওলানা আবদুস ছালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিতের পর তা বৈঠকে উপস্থিত শূরা সদস্যরা অবহিত হন। এরপর মাদ্রাসা পরিচালনার জন্য ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মাওলানা ইয়াহিয়ার নাম ঘোষণার পর শূরা বৈঠক মুলতবি করা হয়। পরবর্তী শূরা বৈঠক না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল শূরা সদস্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত