বরিশালে ছাত্র, বান্দরবানে ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১০ এএম

বরিশালে বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র ফাহাদ হাসানের (১৭) লাশ ১২ দিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। একই দিন বান্দরবানের লামায় পুকুর থেকে এক স্কুলছাত্রী এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

বরিশাল : বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হাসান নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হোসেনের ছেলে। গত ২৭ আগস্ট বন্ধুদের সঙ্গে নদীতে ঘুরতে গিয়ে সে নিখোঁজ হয়। তখন তাকে উদ্ধারে দুদিন অভিযান চালিয়ে ব্যর্থ হন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় ১২ দিন পর গতকাল সকালে ফাহাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কোস্টগার্ডকে জানালে তারা ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে।

বান্দরবান : জেলার লামা উপজেলায় পুকুর থেকে প্রিয়ন্তী চাকমা (১৪) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পৌর এলাকার বড় নুনারবিল পাড়ার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। প্রিয়ন্তী চাকমা বড় নুনারবিল পাড়ার নিকসন চাকমার মেয়ে ও আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

ঠাকুরগাঁও : গতকাল দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সর্বমঙ্গলবার গ্রামের পাঁচপীর এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তিন-চার দিন আগে হত্যার পর মৃতদেহ ফেলে রাখা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আবদুস সবুর জানান, মরদেহটি পচে-গলে গেছে। মুখম-ল দেখে চেনা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত