হাইকোর্টের রায়

বেসরকারি শিক্ষকদের ৬ মাসের বেশি সময় বরখাস্ত রাখা যাবে না

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০২:২৮ এএম

নিবন্ধিত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে রায় এসেছে উচ্চ আদালত থেকে। এ বিষয়ে দেওয়া রুল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

সংশ্লিষ্ট আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে ২০০৭ সালের ১৯ আগস্ট সামরিক বরখাস্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দীর্ঘ সময়েও অভিযোগের সুরাহা না হওয়ায় ২০১৭ সালে বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দারস্থ হন বাদশা মিয়া। তার করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে ওই বছরের ১৪ ডিসেম্বর বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্তের সময়সীমা নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারি করে হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল এ রায় হলো। আদালতে বাদশা মিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

অ্যাডভোকেট হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের এ রায়ের ফলে এখন থেকে কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না। এটি করলে তা অবৈধ ও বাতিল বলে গণ্য হবে। আর হাইকোর্টের এই নির্দেশনাটি ১৯৭৯ সালের বেসরকারি শিক্ষকদের যে চাকরি বিধিমালা সেখানে অন্তর্ভুক্ত করতে  শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে রায়ে। পূর্ণাঙ্গ রায় পেলে আরও বিস্তারিত জানা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত