ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসায় চারজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
গতকাল শুক্রবার সকালে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের রাজু মোল্লা (৩০), রাজু মোল্লার স্ত্রী ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা খাতুন (৩৫) ও তার মেয়ে আছিয়া খাতুন (৮)।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত দিয়ে কিছুসংখ্যক বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার খবরে অভিযান চালানো হয়। এ সময় মাটিলা গ্রামের মাঠ থেকে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
