সংবাদ সম্মেলনে কাদের

নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সাংবিধানিক পথ নেই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:২৭ এএম

নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সাংবিধানিক পথ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে।’

গতকাল শনিবার তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তেরো বছরের ব্যর্থতার গ্লানি মুছে বিএনপিকে এখন নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের রায় মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে। তাই এদিক-ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন। ষড়যন্ত্র করে এক যুগ ধরে কোনো লাভ হয়নি, বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

‘আন্দোলন শুরু হলে মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়বে’, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জনগণ ঝাঁপিয়ে পড়া তো দূরের কথা, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারাই ঝাপ বন্ধ করে ঘরে অবস্থান নেয়, হিন্দি সিরিয়াল দেখে আর জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে পুলিশের গতিবিধি লক্ষ করে। বারো বছর ধরে বিএনপির কথিত আন্দোলনের ডাক রাজপথে কোনো কম্পন তুলতে পারেনি, তাই জনগণ মনে করে এসব হাঁকডাক আষাঢ়ে গল্পের মতো। ফেসবুক আর মিডিয়ায় যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও গণমুখী রাজনীতিতে বিরোধী দলগুলো ইস্যুর খরায় ভুগছে। এ জন্যই এই মুহূর্তে দেশে বিএনপির কথিত আন্দোলনের অবজেক্টিভ কোনো অবস্থা নেই। করোনার অভিঘাত মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের মানুষ এখন নিজের অবস্থান উন্নয়নে প্রাণান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর এ সময় গণ-অভ্যুত্থানের দিবাস্বপ্নে বিভোর বিএনপি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত