সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন। মাহির সারপ্রাইজ দেওয়ার ঘোষণায় নড়েচড়ে বসেছে তার ভক্তরা। সবাই অপেক্ষায় রয়েছেন, কী সারপ্রাইজ নিয়ে হাজির হবেন মাহি? স্পষ্ট জানা না গেলেও নানা গুঞ্জন চাউর হয়ে উঠেছে চারদিকে।
মাহিকে নিয়ে নানা গুঞ্জনের ভেতরে সবচেয়ে জোরালো হয়ে উঠেছে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন। চলচ্চিত্র পাড়ার অনেকেই বলছেন, ১৩ সেপ্টেম্বর মাহি মূলত তার দ্বিতীয় বিয়ের খবর জানাবেন। তাদের ভবিষ্যদ্বাণী কতটুকু সত্য হবে তা জানা না গেলেও ১৩ সেপ্টেম্বর ঠিকই সারপ্রাইজ নিয়ে হাজির হবেন মাহি।
এদিকে ব্যবসায়ী অপুর সঙ্গে মাহির বিচ্ছেদ হওয়ার পর থেকে সিঙ্গেল জীবনই যাপন করছেন তিনি। ইতিমধ্যে দ্বিতীয় বিয়ের গুঞ্জনের কথাও উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে চলচ্চিত্র পাড়ায় রটে গেছে, গাজীপুরের রাকিব সরকার নামে এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করেছেন মাহি। সেখানেই বসবাস করছেন সম্প্রতি।
এদিকে রাকিব সরকারের সঙ্গে মাহি বিয়ের কথা অস্বীকার করলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমকে মাহি বলেন, ‘যার সঙ্গে গুঞ্জন চলছে তার সঙ্গে আমার বিয়ে হয়নি। তবে আমরা বন্ধু। শুধু বন্ধু নয়, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’
মাহি বর্তমানে কাজ করছেন মাফিয়া নামের একটি ওয়েব সিরিজে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘মরীচিকা’ নামের ওয়েব সিরিজ। এর বাইরে বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার।
