সাংবাদিকদের আইনমন্ত্রী

খালেদা জিয়াকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩০ এএম

শর্ত ছাড়া দন্ড স্থগিত চাইতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রবিবার আইন কমিশনের রজতজয়ন্তী উপলক্ষে বিচার  প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভা শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

  খালেদা জিয়ার বিদেশ  যাত্রার সুযোগ আছে কি না এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) যে আবেদন করেছেন তা ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার একটি আবেদন  হিসেবে গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত রেখে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছিল। এ অবস্থায় এটিকে পরিবর্তন   করার আইন নেই। যদি এটা করতে হয়, তাহলে তাকে (খালেদা জিয়া) আবার জেলে গিয়ে এই (বর্তমান) আবেদন বাতিল করতে হবে। এরপর আবার নতুন আবেদন করতে হবে। এ আবেদনের মেয়াদ বাড়ানো ছাড়া আমাদের কিছু করার নেই।

তিনি আরও জানান, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে আইন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে মতামত দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নথি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। এর আগে আইন কমিশনের চেয়ারম্যান প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকসহ আরও বক্তব্য রাখেন বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি নাজমুন আরা সুলতানা, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার প্রমুখ।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদ- হওয়ার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। এ মামলায় হাইকোর্টে তার সাজা বেড়ে ১০ বছর কারাদ- হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে সাত বছরের কারাদ- হয় খালেদা জিয়ার। ২৫ মাস কারাভোগের পর গত বছরের ২৫ মার্চ সরকার খালেদা জিয়ার সাজা ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী স্থগিত করলে কারামুক্ত হন খালেদা জিয়া। দ্বিতীয় দফায় তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। চলতি মাসে সাজা স্থগিতের মেয়াদ শেষ হতে চলেছে। সম্প্রতি খালেদা জিয়ার পরিবারের পক্ষে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত