মেসিহীন বার্সেলোনা আবার বায়ার্নের মুখোমুখি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৭ এএম

আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। শুরুর দিনেই আছে ‘বিগ ম্যাচ’। ক্যাম্প ন্যুতে বার্সেলোনা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। তবে বার্সার ম্যাচ থাকলেও এদিন লিওনেল মেসিকে দেখা যাবে না মাঠে। মেসি যে এখন পিএসজির খেলোয়াড়। মেসি না থাকলেও এদিন মাঠে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ইয়ং বয়েজের মাঠে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন চেলসি স্টামফোর্ড ব্রিজে আতিথেয়তা দেবে জেনিত সেন্ট পিটার্সবার্গকে।

বায়ার্নের সঙ্গে বার্সার ম্যাচ বিশেষ কিছু। ২০১৯-২০ লিগের কোয়ার্টার ফাইনালে লিসবনে এই বায়ার্ন মিউনিখের কাছেই ২-৮ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। এরপরই যেন সবকিছু বদলে যেতে থাকে বার্সা শিবিরে। হারের পর দলকে নতুন করে গড়ে তোলার ডাক এসেছিল। এরই মধ্যে মেসি ব্যুরো ফাক্স পাঠিয়ে জানিয়েছিলেন বার্সা ছাড়তে চান তিনি। তবে শেষ পর্যন্ত আরও এক মৌসুম বার্সার হয়ে খেলেন লিও। প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউও করেন পদত্যাগ। হুয়ান লাপোর্তা নতুন প্রেসিডেন্ট হয়ে এলেও মেসিকে আর ধরে রাখতে পারেননি। ২১ বছর পর শৈশবের ক্লাব ছেড়ে মেসি চলে গেছেন পিএসজিতে। এই পিএসজির কাছে নকআউট পর্বের শুরুতেই হেরে বার্সা বাদ পড়েছিল চ্যাম্পিয়নস লিগ থেকে।

বায়ার্নের মুখোমুখি হওয়ার আগে ঘুরেফিরে আসছে ২-৮ গোলের সেই দুঃসহ হারের প্রসঙ্গে। গতকাল সংবাদ সম্মেলনে কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘বিষয়টি এক বছরের বেশি সময় হয়ে গেছে। খেলোয়াড়রা সেই রাতে অনেক সহ্য করেছে। আমাদের এখন খেলার জন্য প্রস্তুতি নিতে হবে এবং দল হিসেবে শক্তিশালী হতে হবে। আমরা বায়ার্নকে আঘাত করতে (হারাতে) পারি।’ বায়ার্নের কাছে হারের সেই ক্ষত ভোলেননি অধিনায়ক সের্জি বুসকেটস। বলেছেন, ফুটবল খেলাটাই এমন। মেসিকে ছাড়া বায়ার্নের মুখোমুখি হতে চলাটা কেমন? বুসকেটস বলেন, ‘মেসি আমার এবং আমার পরিবারের কাছে এমন যে তার চলে যাওয়ায় আমি হতবাক হয়েছিলাম। এটা হজম করা কঠিন ছিল। কিন্তু এখন আমাদের অবশ্যই এটি পরিবর্তন করার চেষ্টা করতে হবে। (মেসি নেই) আমাদের এতে অভ্যস্ত হতে হবে।’ ১৯৯৮-৯৯ মৌসুমের পর এবারই প্রথম গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। তাদের গ্রুপের অন্য দুই দল বেনফিকা ও ডায়নামো কিয়েভ।

ম্যানইউকে ইউরোপসেরা করার মিশনে নামছেন রোনালদো

১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে মাঠে নেমেই নিউক্যাসলের সঙ্গে জোড়া গোল করেছেন রোনালদো। আজ আবারও ইউরোপ সেরার মঞ্চে সিআরসেভেন ফিরবেন রেড ডেভিলদের হয়ে। ম্যানইউ-এর হয়ে এর আগে সবশেষ চ্যাম্পিয়নস লিগে খেলেছিলেন তিনি ২০০৮-৯ মৌসুমে। পরবর্তী ১২ মৌসুম তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে। প্রথম ম্যাচ ইয়ং বয়েজের সঙ্গে খেলতে সুইজারল্যান্ড গেছে সোলসকায়ের শিষ্যরা। গেল মৌসুমে সুইজারল্যান্ডের লিগ শিরোপা জিতেছে ইয়ং বয়েজ। এবার চ্যাম্পিয়নস লিগ বাছাইপর্বে তারা ফেরেঙ্কভারোসকে হারিয়েছে। ম্যাচে সহজ জয়ের প্রত্যাশা করতেই পারে ম্যানইউ। এই মৌসুমে সুইস লিগে ৫ ম্যাচ খেলে দুটিতে জিতেছে ইয়ং বয়েজ। ড্র করেছে দুটি, হার একটি। আর ইপিএলে দারুণ খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। চার ম্যাচে ৩ জয় ও ১ ড্র-তে শীর্ষে আছে ওলে গানার সোলসকায়েরের দল। মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ করেছেন ৪ গোল, গ্রিনউডের গোল ৩টি। চার ম্যাচে ৭টি অ্যাসিস্ট করেছেন পল পগবা।

এদিকে রোনালদোর সাবেক ক্লাব জুভেন্তাসেরও ম্যাচ আজ। তুরিনের বুড়িরা খেলতে গেছে সুইডিশ চ্যাম্পিয়ন মালমোর সঙ্গে। রোনালদো ক্লাব ছাড়ার পর সিরি’আ-তে দুই ম্যাচ খেলে কোনো জয় পায়নি জুভেন্তাস। আজ তারা জয় নিয়ে ফিরতে পারবে তো? সমর্থকদের মনে তেমনই প্রশ্ন। ২০২০-২১ ইউরোপা লিগ জয়ী ভিয়ারিয়াল আজ খেলবে ইতালিয়ান দল আতালান্তার সঙ্গে। গেল মৌসুমে আতালান্তা সিরি’আ-তে তৃতীয় হয়। আর ভিয়ারিয়াল ইউরোপা জয়ী হিসেবে উঠে এসেছে চ্যাম্পিয়নস লিগে। এছাড়া গেল মৌসুমের ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন লিলে খেলবে জার্মান দল ভলভসবুর্গের সঙ্গে। স্প্যানিশ দল সেভিয়া আতিথেয়তা দেবে জার্মান দল এফসি সাল্জবুর্গকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত