গোসলে নেমে পানিতে ডুবে ৩ কিশোরীর মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:১২ এএম

গাজীপুর সদর উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আরও এক শিশু নিখোঁজ ছিল বলে জানা গেছে। এর আগে দুপুরের দিকে উপজেলার পাইনশাইল গ্রামের লবন্দহ খালে এ ঘটনা ঘটে। মৃতরা হলো একই উপজেলার পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪) ও হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)। নিখোঁজ শিশুটি মৃত রিচি আক্তারের বোন রিয়া আক্তার (১০)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লবন্দহ খালে গোসল করতে নামে রিচি, রিয়া, আইরিন, মায়াসহ ৫-৬ কিশোরী। একপর্যায়ে হঠাৎ করেই পানির স্রোতে পড়ে যায় তারা। এ সময় খালের পাড়ে থাকা অন্য শিশু-কিশোররা তাদের দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করে। এতে দুজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও ওই চারজন পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে না পেরে গাজীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। অনেক খোঁজাখুঁজির পরও রিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত