ফেনীর শর্শদি এলাকা থেকে বোরকা দিয়ে মোড়ানো ও হাত-পা বাঁধা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সিন্দুরপুর গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই নারীর শরীরের মাংস খসে গেছে। এটি ৬ থেকে ৭ মাস আগের মনে হচ্ছে। মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে এটি নারীদেহ।’
পল্লী বিদ্যুতের লোকজন সোমবার বিকেলে গাছের ডালপালা কাটতে গিয়ে ঝোপের মধ্যে বোরকা মোড়া মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
