সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজের দরে প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। গুজবের মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ারের চাহিদা তৈরিতে ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অনেক গ্রুপ সক্রিয় রয়েছে। গুজব রটনাকারী এসব গ্রুপ চিহ্নিত করে সেগুলো বন্ধে পদক্ষেপ নিচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ইতিমধ্যেই টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সহযোগিতায় গুজব সৃষ্টিকারী ৩১টি ফেইসবুক আইডি বন্ধ বা নিষ্ক্রিয় করা হয়েছে। পর্যায়ক্রমে গুজব সৃষ্টিকারী অন্যান্য আইডিগুলোও নিষ্ক্রিয় করা হবে।
গতকাল এসইসি, বিটিআরসি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির প্রতিনিধিদের মধ্যে ‘সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে পুঁজিবাজারে গুজব সৃষ্টি প্রতিরোধ’ সংক্রান্ত এক আলোচনা সভায় এসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ এ তথ্য জানান।
আলোচনা সভায় শেখ শামসুদ্দিন আহমেদ ছাড়াও এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, পরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) তারেক এম বরকতউল্লাহসহ সংস্থাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় এসইসির প্রতিনিধিরা পুঁজিবাজারে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কোনো তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূল্য বা অন্য কোনো বিষয়ে পূর্বানুমান কিংবা বিনিয়োগকারীর স্বার্থ ক্ষুণœ করে এমন মন্তব্য বা পোস্ট প্রতিরোধে গুরুত্বারোপ করেন। এছাড়া সিকিউরিটিজ মার্কেট ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় যে কোনো ব্যক্তি, ব্যক্তিবর্গ বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে এসইসি, ডিএসই এবং সিএসইর নাম বা লোগো ব্যবহার করে কোনো তথ্য বা প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত রাখার বিষয়টি নিশ্চিত করার বিষয়ে সম্ভাব্য কৌশল প্রণয়ন ও অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়টি আলোচিত হয়।
গত ২৪ মে এসইসি ফেইসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারী ব্যক্তিদের চিহ্নিত করতে এসইসির পরিচালক রাজিব আহমেদের নেতৃত্বে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধিদের সমন্বয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির প্রতিবেদনে ডিএসই ইনভেস্টরস ক্লাব, উই ওয়ান্ট টু বি গেইনার, দ্য থার্ড আই, শেয়ার বাজার- ডিএসই ইনভেস্টরস ক্লাব, পাবলিক বিজনেস ক্লাব, শেয়ার মার্কেট সুপারস্টার গ্রুপ, দ্য লয়াল ক্লাব, শেয়ারবাজারে আড্ডা, রাকিব প্রফিট অ্যান্ড জয়, শেয়ারবাজার জিন্দাবাদ, স্টক মার্কেট টুডে, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী জোট, রকস্টার ক্লাব, রয়্যাল কিং মানি মেকারস, বাদশা জোনসহ অনেকগুলো ফেইসবুকভিত্তিক গ্রুপ গুজব ছড়িয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন সিকিউরিটিজের বাজারমূল্যকে কৃত্রিমভাবে প্রভাবিত করছে বলে উঠে আসে। গুজব প্রতিরোধে এসইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিটিআরসি যাচাই-বাছাই শেষে ৩১টি গ্রুপ বন্ধ করে দিয়েছে। এছাড়া অন্যান্য আরও গ্রুপ নিষ্ক্রিয়করণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ে যে আস্থা সৃষ্টি হয়েছে, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে গুজব সৃষ্টিকারী কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন তা নস্যাৎ করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। আর এ জন্য প্রয়োজন বিটিআরসি ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সিসহ অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ।
তিনি আরও বলেন, পুঁজিবাজার সংক্রান্ত সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এসইসির সঙ্গে আলোচনা, পরামর্শ ও সমন্বয় সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা পরিপালন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী শাস্তির বিধান সংক্রান্ত কমিশনের আদেশ পরিপালন ও সংশ্লিষ্ট সবাইকে উক্ত সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন।
বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৮ ধারা অনুযায়ী এসইসি ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালকের মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে কনটেন্ট অপসারণ বা ব্লক করার জন্য বিটিআরসিকে অনুরোধ করলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ডিজিটাল সিকিউরিটি এজেন্সির পরিচালক তারেক এম বরকতউল্লাহ তার সংস্থার পক্ষ থেকে পুঁজিবাজারে গুজব সৃষ্টি প্রতিরোধে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় বিটিআরসির সঙ্গে প্রতি তিন মাসে একটি করে সমন্বয় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও এসইসি’র পরিচালক রাজিব আহমেদ ও বিটিআরসি’র জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
