ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

বন্ড লাইসেন্স জটিলতা নিরসনে ভ্যাট আইন সংশোধন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৫ এএম

বন্ড লাইসেন্স জটিলতা নিরসনে ভ্যাট আইন সংশোধনে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যকার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কী কী বিষয়ের ওপর সংশোধনী প্রয়োজন তা নির্ধারণে ব্যবসায়ী নেতারা একটি প্রস্তাবনা তৈরি করবেন। তাদের তৈরি করা প্রস্তাবের যাচাই-বাছাই করে বাকি প্রক্রিয়া শেষ করে আইনে পরিণত হবে। আইন সংশোধনের পর বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনেও প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। আজ বৃহস্পতিবারই ফের বৈঠকে বসবেন ব্যবসায়ী নেতারা।

গতকাল বুধবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এই বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিজিএমইএর সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম প্রমুখ ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভ্যাট আইনের সংশোধনীতে কী কী বিষয় থাকতে পারে তা নিয়ে আজ বৃহস্পতিবারই ফের বৈঠকে বসবেন ব্যবসায়ী নেতারা। বিকেএমইএ এবং বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফেকচারার্স অ্যান্ড  এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (বিটিটিএলএমএ) এ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে আলোচনার টেবিলে ওঠানোর দাবি জানানো হয়েছে। রপ্তানিমুখী পোশাক খাত এবং টেরিটাওয়েল খাতের আওতাধীন কতগুলো কারখানার বন্ড লাইসেন্স  নেই, সেখানে কত শ্রমিক কাজ করে এবং রপ্তানির পরিমাণ কত- এসব তথ্য দিতে বলা হয়েছে। ইস্যুটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার জন্য সাবেক বিজিএমইএ ও এফবিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে।

বন্ড লাইসেন্সবিহীন রপ্তানিকারকদের ব্যাক টু ব্যাক এলসি না খুলতে বাংলাদেশ ব্যাংককে গত ৩১ আগস্ট চিঠি দিয়েছে রাজস্ব বোর্ড এনবিআর। এতে তৈরি পোশাক এবং টেরিটাওয়েল খাতের ৫০০ কারখানা বেকায়দায় পড়েছে। ব্যাক টু ব্যাক এলসি সুবিধা না পেলে মূল এলসির বিপরীতে যে ৭০ শতাংশ পরিমাণ কাচামাল ও এক্সেসরিজ বাকিতে কিনতে পারে, সে সুবিধা হারাবে এই প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে বিকল্প নগদ সহায়তা হারানো এবং স্থানীয়ভাবে ক্রয়ের ওপর ভ্যাটও পরিশোধ করতে হবে।

বৈঠকে উপস্থিত বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেমের কাছে জানতে চাইলে গত রাতে তিনি জানান, বন্ড লাইসেন্স জটিলতা নিরসনে সংশ্লিষ্ট ভ্যাট আইন সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছে বৈঠকে। সব পক্ষের আলোচনা শেষে আইনটি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়। তিনি বলেন, ব্যবসায়ী নেতাদের সংশোধনী প্রস্তাবের ওপর মন্ত্রণালয়ের পর্যালোচনা এবং অন্যান্য প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মন্ত্রিসভা এবং সংসদে আইন আকারে পাস করার কথা বলেছেন সব পক্ষই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত