বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চার ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রবিবার থেকে এই আদেশ কার্যকর হবে বলে গতকাল বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য চাপ পরিস্থিতি নিরসন করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এর আগে গতকাল থেকে দিনে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা দেওয়ার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। গত সোমবার বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গতকাল থেকে প্রতিদিন বিকেল ৫টা-রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, গত ৭ জুলাই অনুষ্ঠিত এক সভায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ারে) সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওই সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধ রাখার ওই ঘোষণার পর এক ঘণ্টা যেতে না যেতেই মন্ত্রণালয়ের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে পরদিন মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
