নিউজপোর্টাল নিবন্ধন চলমান প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:০০ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া এবং হাইকোর্টের নির্দেশনা এ ক্ষেত্রে শৃঙ্খলা বিধানে সহায়ক। গতকাল বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘অনলাইন নিউজপোর্টালের রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। কারণ ইতিমধ্যেই রেজিস্ট্রেশনপ্রাপ্ত ছাড়া আর কোনো অনলাইন ভবিষ্যতে বের হবে না বা আজকে যেসব পত্রপত্রিকা আছে সেগুলো ছাড়া ভবিষ্যতে আর কোনো পত্রপত্রিকা বের হবে না, তেমন নিয়ম কোথাও নেই।’

এ বিষয়ে আদালতের আদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শৃঙ্খলা রক্ষায় সহায়ক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যেসব অনলাইন সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে কাজ করে না বরং নিজস্ব বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং যেমন ইচ্ছা তেমন অসত্য সংবাদ পরিবেশন করবে, গুজব রটনায় ব্যস্ত হবে, অন্যের চরিত্র হনন করবে, ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষণের জন্য সেখানে লেখালেখি হবে এটি কখনই সমীচীন নয়, সে ক্ষেত্রে আদেশটি অবশ্যই সহায়ক।’

আদালতের আদেশের লিখিত কপি পাওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই কিছু অনলাইন আমরা বন্ধ করব জানিয়ে ড. হাছান বলেন, ‘একই সঙ্গে এটি যে একটি চলমান প্রক্রিয়া, একটি প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন চলছে এবং যাচাই-বাছাই ছাড়া সবগুলোকে একসঙ্গে বন্ধ করে দেওয়া কতটুকু সমীচীন সে ভাবনার বিষয়গুলো আদালতের কাছে উপস্থাপন করব।’

এর আগে পিস এ-হারমনি সংগঠনের আয়োজনে গৌরব প্রকাশন থেকে প্রকাশিত প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনাকে নিবেদিত একগুচ্ছ কবিতা’র তুর্কি ভাষায় অনুবাদগ্রন্থ ওয়েবিনারে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে শান্তি ও সৌহার্দ্য স্থাপন করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। উদ্বাস্তু রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বিশ্ব গণমাধ্যম তাকে মানবতার মা হিসেবে আখ্যা দিয়েছে।’

মুক্তিযুদ্ধবিষয়ক একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদের সভাপতিত্বে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান সম্মানিত অতিথি এবং আংকারায় এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউটের পরিচালক ড. এম নাজমুল ইসলাম, কবি আজিজুর রহমান আজিজ, কবি আনিস মোহাম্মদ এবং ইজফান্দিওর এরিয়ন বিশেষ অতিথি হিসেবে ওয়েবিনারে বক্তব্য রাখেন।

‘সরকার খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে’ বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর এ মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির এত বিদেশপ্রীতি কেন সেটি একটি প্রশ্ন। দেশে কোনো ঘটনা ঘটলে দূতাবাসে দৌড়ায় আর কারও একটু জ¦র উঠলে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে। এই বিদেশপ্রীতিটা কেন?’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া আদালত থেকে কোনো জামিন বা খালাস পাননি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত মহানুভব, সে কারণে তিনি তার সংবিধানপ্রদত্ত ক্ষমতাবলে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করেছেন। এজন্য বিএনপির বরং সরকারকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় ডাক্তাররা বলেছেন বেগম জিয়া সুস্থ এবং ভালো আছেন। রিজভী সাহেব কখন ডাক্তার হয়ে গেলেন তা জানি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত