হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:২১ পিএম

উত্তর মধ্য প্রদেশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সৃষ্ট লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হওয়া এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাঙ্গামাটি ৬০, সিলেট ৫৩, নিকলি ৪৪, সন্দ্বীপে ১৮, মংলা ১৬ ও বগুড়ায় ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  এ সময় ঢাকায় কোন বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত