ফরাসি বাহিনীর অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের আফ্রিকার বৃহত্তর সাহারা অঞ্চলের প্রধান নিহত হয়েছেন।
মার্কিন সেনা ও বিদেশি ত্রাণ কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগে তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বৃহস্পতিবার দেওয়া এক টুইটার বার্তায় বলেন, ‘ফরাসি বাহিনীর অভিযানে আদনান আবু ওয়ালিদ আল-সাহরাবি নিহত হয়েছেন।’
এ অভিযানে এলাকার নাম না উল্লেখ করে তিনি বলেন, ‘সাহেল অঞ্চলে সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ক্ষেত্রে এটি হচ্ছে আরেকটি বড় সফলতা।’
এ জিহাদি নেতা ২০২০ সালে ফ্রান্সের ত্রাণ কর্মীদের হত্যায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। নাইজারে মার্কিন বাহিনীর ওপর চালানো ২০১৭ সালের হামলার ঘটনায় তাকে ধরিয়ে দিতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
দেশটিতে ওই হামলায় মার্কিন নেতৃত্বাধীন বিশেষ বাহিনীর চার সদস্য ও নাইজারের চার সেনা প্রাণ হারান।
মালি, নাইজার ও বুরকিনা ফাসো অঞ্চলে অধিকাংশ জিহাদি হামলার জন্য বৃহত্তর সাহারা অঞ্চলের আইএসকে দায়ী করা হয়।
