রংপুরের বদরগঞ্জে ইটভাটা বন্ধের দাবিতে কুতুবপুর ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাগেরহাট-পদাগঞ্জ সড়কে অনুষ্ঠিত ওই মানববন্ধনে অংশ নেন এলাকার কৃষকসহ বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সমাজসেবক তুহিন শাহ, তাজকুল জামান, সাদ্দাম হোসেন, ফিরোজ প্রমুখ। এ সময় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলার কৃষক সুজন মিয়া।
বক্তারা বলেন, হাড়িভাঙ্গা আমের জন্মভূমিতে একের পর এক ইটভাটা স্থাপিত হওয়ায় বাগান মালিকরা হুমকির মুখে পড়েছেন। কারণ ইটভাটার কারণে আমের ফলন আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে।
এছাড়া অন্যান্য ফলের বাগানেও ইটভাটার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। এর পাশাপাশি এলাকায় ফসলি জমি কমে যাওয়ার কারণে কৃষি শ্রমিকেরা পুরোপুরি বেকার হয়ে পড়ছে।
বক্তারা অবিলম্বে নির্মাণাধীন ইটভাটাসহ ফসলি জমিতে স্থাপিত সকল ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
রংপুর জেলার বদরগন্জ উপজেলায় ৭১টি ইটভাটা রয়েছে। আর নির্মাণাধীন ইটভাটা রয়েছে ১৬টি।
ইটভাটার বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
