ট্রেলারে দেখুন ফুটবলার দেবের কীর্তি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:১০ পিএম

বিশ্বকর্মা পূজার দিন মুক্তি পেল দেবের বহুচর্চিত ছবি ‘গোলন্দাজ’-এর ট্রেলার। করোনার জেরে বারবার মুক্তি পিছিয়েছে এই ছবির, তবে অবশেষে এবারের দুর্গাপূজার বক্স অফিস দখলের লড়াইয়ে হাজির হচ্ছেন টলিউডের এ তারকা।

বলা হচ্ছে, বাঙালির সেই ভুলে যাওয়া ইতিহাসের মুখোমুখি দাঁড় করাবে ‘গোলন্দাজ’। ‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানান ঘটনা ওঠে আসবে এই ছবিতে।

এই পিরিয়ড ড্রামা পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ইন্ডিয়ার মাটিতে ইংরেজদের খেলায় তাদের হারানোর শপথ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ। সিনেমাটিক কায়দা সেই গল্প আসছে পর্দায়।

ট্রেলারে দেখা যায়— ‘মরে যাব কিন্তু হেরে ফিরব না’, এই শপথ নিয়ে ফুটবল মাঠে ইংরেজদের হারাতে বদ্ধপরিকর নগেন্দ্র। তবে শুধু ফুটবল নয়, গ্রাম বাংলার কুস্তি, দড়ি টানাটানিসহ অনেক খেলার কয়েক ঝলক ওঠে এসেছে।

ছবিতে ইশা সাহাকে দেখা যাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী কমলিনীর ভূমিকায়। শোভাবাজারের রানি কমলিনীর ছিলেন নগেন্দ্রপ্রসাদের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। দেবের অনস্ক্রিন বাবা সূর্যকুমার সর্বাধিকারীর ভূমিকায় থাকবেন শ্রীকান্ত আচার্য। অন্যদিকে ইন্দ্রাশিস আচার্যর দেখা মিলবে জিতেন্দ্রর চরিত্রে। নগেন্দ্র প্রসাদের ভাই তথা বন্ধু বিনোদের চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য। স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘গোলন্দাজ’-এর ট্রেলার দেখলে হয়তো স্মৃতিতে ভেসে উঠবে আমির খানের ‘লগান’ ছবির কথা। ভুবন যেমন ক্রিকেটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এখানে তেমনই ফুটবল পায়ে ব্রিটিশদের বিরুদ্ধে নগেন্দ্র ও তার দল। তবে ভুবন কাল্পনিক চরিত্র, আর নগেন্দ্র প্রসাদ এক ঐতিহাসিক চরিত্র।

‘গোলন্দাজ’ প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। মুক্তি পাবে ১০ অক্টোবর। একই দিন মুক্তি পাবে দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত