৪০-এ এসে অবসরে ইংলিশ অলরাউন্ডার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৪ পিএম

পেশাদারি ক্রিকেটকে বিদায় জানালেন নটিংহ্যাম্পশায়ার ও সমারসেটের সাবেক অলরাউন্ডার পিটার ট্রেগো।

দীর্ঘ ২২ বছর কাউন্টি ক্রিকেট খেলে গেছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। তবে কখনো ইংল্যান্ডের জাতীয় দলে দেখা যায়নি তাকে।

ট্রেগোর পেশাদারি ক্যারিয়ারের শুরু সমারসেটের হয়ে। গত বছর নটিংহ্যাম্পশায়ারে যোগ দেওয়ার আগে দুই দফায় দলটিতে ৫৪০ ম্যাচ খেলেছেন তিনি। 

ট্রেগো ট্রেন্ট ব্রিজের দলটির হয়ে ২৩ ম্যাচ খেলেছেন। গত বছর নটিংহ্যাম্পশায়ারকে টি-টোয়েন্টি ব্লাস্ট জেতানোর পথে ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন তিনি।

২০০০ সালে সমারসেটের হয়ে কাউন্টিতে অভিষেক ট্রেগোর। দলটির হয়ে ওয়ানডে কাপও জেতেন। এরপর নিয়মিত খেলার জন্য অন্য দল খুঁজতে থাকেন তিনি।

২০০৩ সালে যোগ দেন কেন্টে। সেখান থেকে মিডলসেক্সে। অবশ্য দুই দলের হয়ে বেশিদিন খেলেননি তিনি। এরপর ফের ২০০৬ সালে যোগ দেন সমারসেটে। এবার টানা ১৪ মৌসুম কাটান তিনি ঘরের কাউন্টি ক্লাবটিতে।

এই ব্যাটিং অলরাউন্ডার ইংল্যান্ডের জাতীয় দলের এক ধাপ নিচের স্তর ইংল্যান্ড লায়ন্সের হয়েও ১০ ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাটের কাউন্টিতে ১৮,৮২৮ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছে ৬৪৬ উইকেট।

২০১২ সালে বাংলাদেশের ক্রিকেটেও মাতিয়ে গেছেন ট্রেগো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে।

ক্রিকেট ছাড়াও গল্ফে সমান দক্ষ ট্রেগো। এই বছরের শুরুতে পেশাদার গল্ফার হিসেবে তিনি বাছাইপর্বও খেলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত