আফগানিস্তানের কাবুলের একটি জেলায় গত বৃহস্পতিবার রকেট হামলার খবর পাওয়া গেছে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, কাবুলের একটি বিদ্যুৎকেন্দ্রের কাছেই এ রকেট হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় থাকা তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের দূত দেবোরাহ লিওনস। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানান, আফগান জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে কাবুলে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান দেবোরাহ লিওনস ও সিরাজুদ্দিন হক্কানির মধ্যে বৈঠক হয়। গত বুধবার উভয়পক্ষের আলোচনায় হক্কানি জাতিসংঘ দূতকে নিশ্চিত করেন, ‘কোনো বাধা ও ভয়ভীতি ছাড়াই জাতিসংঘের কর্মীরা আফগানিস্তানে কাজ করতে পারবেন। আফগান জনগণকে সহায়তা করতে পারবে জাতিসংঘ।’
এদিকে কাবুলে অবস্থিত দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়ের ভবনে নারী কর্মীদের ঢুকতে দিচ্ছে না তালেবান। ভবনটিতে শুধু পুরুষদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের এক কর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। মন্ত্রণালয়ের ওই কর্মী রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে জানান, কাবুলের নারীবিষয়ক মন্ত্রণালয়ে চার নারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তারা এর প্রতিবাদ জানিয়ে মন্ত্রণালয়ের কাছে বিক্ষোভ করেন। তবে ওই কর্মীর পরিচয় প্রকাশ করেনি স্পুৎনিক। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রথম মেয়াদে নারীদের অধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছিল। গত মাসে আবার ক্ষমতা দখলের পর থেকেই নারী অধিকার রক্ষায় নানা প্রতিশ্রুতি দিচ্ছিল তালেবান। তবে দেশটিতে নারীরা আবার অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
