ফখরুলসহ ৫১ নেতার মামলার চার্জ শুনানি ২১ নভেম্বর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৫ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ আসামির ২০১৮ সালে পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে ২১ নভেম্বর ধার্য করেছে আদালত।

গতকাল রবিবার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫-এর ফাতেমা ফেরদৌস অভিযোগ গঠনের এ তারিখ ধার্য করেন।

তানভীর আহমেদ খান নামে এই মামলার একজন আসামি মারা গেছেন। থানা কর্র্তৃপক্ষ আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ তার প্রতিবেদন  আদালতে দাখিল না করায় মামলাটির অভিযোগ গঠন সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইকবাল হোসেন। 

তিনি বলেন, ‘কোনো আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ একটি প্রতিবেদন আদালতে জমা দিতে হয়। এ জন্য আসামিপক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন করতে হয়। আমরা বিধি মোতাবেক আবেদন করেছি, কিন্তু আসামির মৃত্যুসংক্রান্ত প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট  থানা কর্র্তৃপক্ষ আদালতে জমা দেয়নি। তাই আদালত অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দিয়ে আগামী ২১ নভেম্বর ধার্য করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত