দেড় কোটিতে বিক্রি হবে রবীন্দ্রনাথের আঁকা ছবি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৬ এএম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন কবিতা লিখেছেন, তেমনি লিখেছেন গান, ছোটগল্প আর উপন্যাস। তিনি বেশ কিছু ছবি এঁকেছেন। পদ্মার বোটে বসে কিংবা ত্রিপুরা রাজসভা, জোড়াসাঁকোর বাড়িতে বা বোলপুরে বসে আঁকা তার অনেক ছবিই আলোচনায় এসেছে।

কবিগুরুর সেই সব ছবির একটিই সম্প্রতি নিলামে উঠতে যাচ্ছে লন্ডনে। নিলাম সংস্থা ক্রিস্টিজ ২২ সেপ্টেম্বর কবিগুরুর আঁকা ছবিটি নিলামে তুলতে যাচ্ছে। ক্রিস্টিজ তাদের  ওয়েবসাইটে নামহীন ছবিটিকে ‘যুগল’ নামে উল্লেখ করেছে। ত্রিস্টিজ সূত্রের খবর, ১ লাখ ২০ হাজার পাউন্ড থেকে ১ লাখ ৮০ হাজার পাউন্ড বা ১ কোটি থেকে দেড় কোটি টাকায় বিক্রি হতে পারে।

সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এ ছবিটি এঁকেছিলেন বিশ^কবি।

১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলোর প্রদর্শনী হয়। ইউরোপীয় ধনকুবের ও শিল্প সংগ্রাহকেরা কিনে নেন বেশিরভাগ ছবি। এসব ছবির মধ্যেই সম্ভবত ছিল এই ‘যুগল’।

ক্রিস্টিজ সূত্রে জানা গেছে, এডিথ অন্দ্রে নামে এক জার্মান মহিলা ও তার স্বামী এই ছবিটি কিনেছিলেন। পরে এডিথের দাদা ওয়াল্টার রাথেনিউয়ের সংগ্রহে আসে সেটি। এই রাথেনিউ পরিবারই রবীন্দ্রনাথের আঁকা ছবিটি ক্রিস্টিজকে নিলাম করতে দিয়েছে।

সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্টÑএই বিভাগে রাখা হয়েছে ছবিটিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত