মাদ্রাসায় গ্রন্থাগারিক নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৫ এএম

দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা কেন আইনগত কর্র্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে এই পদে আবেদনকারীদের নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশ কেন দেওয়া হবে না রুলে সেটিও জানতে চেয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, জনপ্রশাসন সচিব, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ রিট মামলার ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় এ দুই পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা মৌলিক অধিকার পরিপন্থী উল্লেখ করে ১৯৪ আবেদনকারীর পক্ষে গত ৮ সেপ্টেম্বর হাইকোর্টে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আরিফুর রহমান আরিফ।

২০১৯ সালের ১৯ ডিসেম্বর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক আদেশে দেশের দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীরা এ পদে নিয়োগ পেতে আবেদন করেন। তবে গত ১৮ জুলাই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিবর্তে পদ দুটি বাতিল করে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক সৃষ্টি পদ করে ১৭তম নিবন্ধন পরীক্ষার অংশ হিসেবে দুই পদের (সংশোধিত এমপিও নীতিমালা অনুযায়ী) সিলেবাস প্রণয়নসহ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত