ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ওয়াটার সাপ্লাই সেনিটেশন প্রকল্প বাস্তবায়নের জন্য পৌরসভাকে দান করতে ৪০ শতাংশ জমি কিনেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত রবিবার বিকেলে ৫৪ লাখ টাকা ব্যয়ে ওই ভূমির দলিল রেজিস্ট্রি হয়েছে। জমিটি পৌর এলাকার তারাগন গ্রামে। আগামী বৃহস্পতিবার আখাউড়া পৌরসভাকে আইনমন্ত্রী জায়গাটি দান করবেন।
এ ব্যাপারে পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, পৌরসভায় ওয়াটার সাপ্লাই সেনিটেশন প্রকল্প বাস্তবায়নের জন্য ১২০ কোটি টাকার একটি প্রকল্প বিশ্বব্যাংক অনুমোদন দেয়।
কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ বিশ্বব্যাংকের চাহিদামাফিক জমি কিনতে না পারায় প্রকল্পটি ভেস্তে যেতে বসে। এ অবস্থায় বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের শরণাপন্ন হন। আইনমন্ত্রীর হস্তক্ষেপ ও সুপারিশে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বিশ্বব্যাংক। পরে আইনমন্ত্রী আনিসুল হক প্রকল্পটি বাস্তবায়নের জন্য নিজ অর্থায়নে জমি কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
