রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার এক বন্দুকধারী শিক্ষার্থীর গুলিতে অন্তত আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
রাশিয়ায় বড় ধরনের অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, মস্কো থেকে এক হাজার ৩০০ কিলোমিটার পূর্বে পিয়ার্ম স্টেট ইউনিভার্সিটিতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। গুলির শব্দে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে দরজা বন্ধ করে অবস্থান নেন। অনেক শিক্ষার্থী একটি ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন। সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককালে তিনি আহত হন।
পুলিশ জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে আটকের সময় সে আহত হয়েছে।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে খুব কমই গুলির ঘটনা ঘটে। তা ছাড়া দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও বেশ কঠিন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি ক্যাম্পাসের মধ্য দিয়ে হাঁটছেন। তার মাথায় হেলমেট, গায়ে কালো রঙের ‘ট্যাকটিক্যাল’ পোশাক। ক্যাম্পাসে হামলাকালে কেউ একজন ভিডিওটি ধারণ করেন।
