রামপুরা থানার মামলা

সেলিমা-আমানসহ ৪০ বিএনপি নেতাকর্মীর বিচার শুরু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০২:২২ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ফাতেমা ফেরদৌস আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ (চার্জ) গঠন করে আগামী ২৯ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন। চার্জ গঠনের মধ্য দিয়ে এ দুই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

আসামিপক্ষের আইনজীবী হান্নান ভূঁইয়া চার্জ গঠন করার বিষয়টি নিশ্চিত করেন।

এ দুই মামলার অন্যতম অপর আসামিরা হলেন আমান উল্লাহ আমান, শামছুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী সফু, আজিজুল বারী হেলাল, শওকত মাহমুদ, রাজিব আহসান।

অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলের ডাকা হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের ৪০-৪৫ জন নেতাকর্মী রামপুরা থানাধীন ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে অবস্থান নেন। তারা আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং এক যাত্রী গুরুতর আহত হন। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় রামপুরা থানার এসআই বাবুল শরীফ ওই দিনেই বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে খিলগাঁও জোনাল টিমের এসআই আশরাফুল আলম ৪১ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর দুটি চার্জশিট দাখিল করেন। আসামিদের মধ্যে শফিউল বারী বাবু মারা যাওয়া তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত