পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন নিউক্লিয়ার চুল্লি থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক শ্রমিক। গতকাল সোমবার দুপুর ১টার দিকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটে এ ঘটনা ঘটে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররূপপুর ওয়াছেব আলীর ছেলে মনি (৪০), সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। তবে আহত শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রকল্পের নিরপত্তা কর্মীদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দুপুরে দ্বিতীয় ইউনিটের নির্মাণাধীন নিউক্লিয়ার চুল্লিতে কাজ করার সময় দুর্ঘটনাবশত তিন শ্রমিক নিচে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় তাদের ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত এক শ্রমিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে রূপপুর পারমাণবিক প্রকল্পের এক কর্মকর্তা জানান, নিউক্লিয়ার চুল্লি নির্মাণে কাজ করার সময় দুর্ঘটনাবশত লোহার ভারী কোনো বস্তু ওই শ্রমিকদের ওপর পড়ে। ভারী বস্তুর আঘাতে তারা নিচে পড়ে যান।
ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়, সেখানে দুজন মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
