ইভ্যালির রাসেল আরও ১ দিনের রিমান্ডে, শামীমা কারাগারে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৭ পিএম

ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেলকে আরও ১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এ ছাড়া, তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমণ্ডি থানার মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে, ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হুদা তাদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রাসেল ও শামীমার পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলেও বিচারক তাতে সাড়া দেননি।

গুলশান থানার প্রতারণার মামলায় তিন দিনের জিজ্ঞাসাবাদ শেষে এদিন রাসেল ও শামীমাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সাজ্জাদুল হক শিহাব ও তাপস পাল। অন্যদিকে দুই আসামির পক্ষে আইনজীবী ব্যরিস্টার এম মনিরুজ্জামান আসাদ রিমান্ডের বিরোধিতা করে জামিন শুনানি করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত