ক্যাম্পাস খোলার দাবিতে জাহাঙ্গীরনগরে আন্দোলনের ঘোষণা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ১ অক্টোবরের আগে হল খুলে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের করিডরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে ক্যাম্পাস খোলার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করার ঘোষণা দেওয়া হয়।

এ সময় লিখিত বক্তব্যে দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেএসেছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে, হল খোলার জোরাল প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপরও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে প্রশাসন থেকে কোন সিদ্ধান্তের প্রক্রিয়া দেখা যাচ্ছে না। আমরা চাই, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া হোক।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ।

এর আগে ২২ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার তারিখ ঘোষণা ও ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। 

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বুধবার একাডেমিক কাউন্সিলের বৈঠক ও ২৫ সেপ্টেম্বর সিন্ডিকেট সভা ডাকা হলেও পরে তা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বাতিল হওয়া একাডেমিক কাউন্সিলের সভা ২৯ সেপ্টেম্বর ও সিন্ডিকেট সভা ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত