খুলনায় প্রথম ধাপে অনুষ্ঠেয় ৩৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নিয়ম অনুযায়ী নির্দিষ্টসংখ্যক ভোট না পাওয়ায় অন্তত ৭৩ চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন বলে জানা গেছে। অবশ্য স্থগিত কয়রা সদর ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হলে এ সংখ্যা বাড়তে পারে। কেন্দ্রে ঝামেলার কারণে এ ইউনিয়নে ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
খুলনার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ৫ হাজার টাকা করে জামানত দিতে হয়। জামানতের এ টাকা ফেরত পেতে হলে সংশ্লিষ্ট ইউনিয়নের সব কেন্দ্রে (কাস্টিং ভোট) পড়া মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ পেতে হয়।’ ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জেলার বটিয়াঘাটা উপজেলার তিনটি ইউনিয়নে ১০ প্রার্থী জামানত হারাচ্ছেন।
