আসানসিওর হ্যাটট্রিক, গোল উৎসব সেরে শীর্ষস্থানে রিয়াল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২২ এএম

মার্কো আসানসিওর হ্যাটট্রিক ও করিম বেনজেমার জোড়া গোলে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

গোল উৎসব সেরে চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে টপকে সিংহাসন দখল করেছে কার্লো আনচেলত্তির দল। ৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে গত আসরের চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। তৃতীয় মিনিটেই মায়োর্কার জাল খুঁজে নেন বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন ৭৮তম মিনিটে।

কেবল গোল করেই ক্ষান্ত হননি বেনজেমা। আসানসিওর হ্যাটট্রিকের দুটি গোলেই অ্যাসিস্ট করেন তিনি। লা লিগার চলতি মৌসুমে ইতোমধ্যে ৬ ম্যাচে ৭ অ্যাসিস্ট ও ৮ গোল করলেন বেনজেমা।

২০১৪ সালে মায়োর্কা ছেড়ে রিয়ালে যোগ দেওয়া আসানসিও প্রথমার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করেন। ২৪তম মিনিটে নিজের প্রথম গোল করেন এই স্প্যানিয়ার্ড। ২৯তম মিনিটে বেনজেমার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

তার আগে ২৫তম মিনিটে মায়োর্কার হয়ে একটি গোল শোধ করেন লি কাং-ইন। কিন্তু বিরতির পরও নিজেদের আক্রমণ ধরে রেখে আরও তিন গোল আদায় করে নেয় রিয়াল।

ফের বেনজেমার পাস থেকে ৫৫তম মিনিটে দলের ব্যবধান ৪-১ করার পাশাপাশি হ্যাটট্রিক পূরণ করেন আসানসিও। ৮৪তম মিনিটে মায়োর্কার জালে শেষ বলটি পাঠান ইস্কো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত