লিগ কাপ থেকে বিদায় রোনালদোহীন ম্যানচেস্টার ইউনাইটেডের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৪ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেছিলেন কোচ ওলে গানার সুলশার। নরওয়েজিয়ান কোচ ভেবেছিলেন, পর্তুগিজ উইঙ্গারকে ছাড়াই মৌসুমের ইএফএল বা লিগ কাপে ওয়েস্ট হামের বিপক্ষে জয় নিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড।

কিন্তু ডেভিড ময়েসের শিষ্যরা হতাশার রাত উপহার দিয়েছে কোচ সুলশারকে। লিগ কাপে ইউনাইটেডকে তাদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হাম।

৯ম মিনিটে হ্যামারদের এগিয়ে দেন ম্যানুয়েল লানজিনি। প্রায় ১২ মাসের বেশি সময়ের পর গোল পেলেন তিনি। আর্জেন্টাইন মিডফিল্ডার এর আগে শেষ গোল পেয়েছিলেন ২০১৯ সালের মে মাসে। লানজিনির গোল ধরে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট হাম।

গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামকেই ২-১ ব্যবধানে হারায় রেড ডেভিলরা। সেই ম্যাচে গোল পেয়েছিলেন রোনালদো। কিন্তু আসর এবার ভিন্ন হওয়ায় সিআর সেভেনকে বিশ্রাম দিয়েছিলেন কোচ সুলশার।

তার ফলও হাতেনাতে পেল ইউনাইটেড। ঘরের মাঠে হারে আসর থেকেই বিদায় নিল তারা। ২০১৭ সালের পর আর লিগ কাপ জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

চতুর্থ রাউন্ডে ওয়েস্ট প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে। গত চার মৌসুম লিগ কাপের শিরোপা জিতেছে সিটিজেনরা। আসরের সর্বোচ্চ ৮ শিরোপাও জিতে যুগ্মভাবে শীর্ষে সিটি ও লিভারপুল।

আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে টাই্রবেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচটি ড্র ছিল ১-১ গোলে। শেষ ষোলোয় ব্লুজরা আতিথেয়তা দেবে সাউদ্যাম্পটনকে।

অন্যদিকে আর্সেনাল মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের। গানাররা চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এএফসি উইম্বেলেডনকে ৩-০ গোলে হারিয়ে।

টটেনহাম চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্নলিকে। স্পার্সরা তৃতীয় রাউন্ডে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় উলভারহ্যাম্পটনকে। তার আগে ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত ২-২ ব্যবধানে সমতায় ছিল।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত