ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে নেওয়া পদক্ষেপে সহায়তা দিতে চেয়েছে সৌদি আরব। গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভিডিও ভাষণে এ সহায়তার কথা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
বিশ্বনেতারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহাল করতে তেহরানের সঙ্গে আলোচনা শুরুর পরিকল্পনা করছেন। এমন সময়ে সৌদি বাদশাহ এ কথা জানালেন বলে খবর দিয়েছে আলজাজিরা।
আগে ধারণ করা ভিডিওতে সৌদি বাদশাহ বলেন, ‘মধ্যপ্রাচ্যকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রমুক্ত রাখার ওপর জোর দিতে চায় সৌদি আরব। এরই অংশ হিসেবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপকে আমরা সমর্থন করি।’ মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের বিরোধ দীর্ঘদিনের। ইয়েমেন, সিরিয়াসহ বিভিন্ন দেশে ছায়াযুদ্ধে জড়িয়ে আছে দেশ দুটি। ২০১৬ সালে এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে রিয়াদের সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন রয়েছে। যদিও সম্প্রতি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ সম্পর্ক পুনরায় স্থাপনে উদ্যোগের কথা বলেছেন।
সৌদি বাদশাহ বলেন, ‘ইরান আমাদের প্রতিবেশী। আমরা আশা করছি, প্রাথমিক আলোচনা থেকে আত্মবিশ্বাস তৈরি হবে। আর এর ভিত্তি হবে পরস্পরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।’
