রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইমরুল কায়েস নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে যশোরের নিজ বাড়িতে ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ইমরুল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে থাকতেন। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে।
ইমরুলের বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদ বলেন, সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সে আত্মহত্যা করেছে। তার মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সহপাঠীরা জানান, ইমরুল কায়েস দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন। তিনি পরিবার ও নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এর আগে তাকে পরিবার থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারেও রাখা হয়েছিল।
