অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বা ইনস্টিটিউটগুলোর নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দের ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, এটি অধিভুক্তিসংক্রান্ত নীতিমালা পরিপন্থী।
আদেশে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষার ডিন, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন এবং রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। দেশের বিভিন্ন অনার্স-মাস্টার্স স্তরের কলেজের সাইনবোর্ড ব্যানার এবং প্রচারপত্রে কলেজের মূল নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ সংযুক্ত করা হয়। অনেক আগে থেকেই বিষয়টির সমালোচনা করে আসছিল সংশ্লিষ্ট মহল।
