শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রু ঘরকাটা ইঁদুর-উইপোকাদের মোকাবিলায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। গতকাল শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় কমিটির সভায় এ কথা বলেন তিনি।
শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গতকাল শুরু হয়েছে জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভা। এ সময় হাসানুল হক ইনু সরকারের উদ্দেশ্যে বলেন, ‘শত্রুদের ষড়যন্ত্র এবং বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রু ঘরকাটা ইঁদুর-উইপোকাদের মোকাবিলায় সতর্ক হোন, প্রস্তুত হোন।’
তিনি আরও বলেন, ‘একদিকে বিএনপি তাদের পুরনো সঙ্গী জামায়াত-জঙ্গিদের সঙ্গে নিয়ে অসাংবিধানিক সরকার আনার অস্বাভাবিক রাজনীতির পথে থেকেই নতুন করে জল ঘোলা করা শুরু করেছে। সরকার প্রশাসনিক ও আইনগতভাবে জঙ্গিদের কাবু করলেও জঙ্গিদের বিরুদ্ধে সর্বব্যাপক রাজনৈতিক লড়াইয়ের ঘাটতির কারণে জঙ্গিবাদের উৎপাদন ও পুনরুৎপাদন অব্যাহত রয়েছে। জঙ্গিবাদীরা বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছে। অন্যদিকে সরকার-প্রশাসনের চারদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে। দুর্নীতির সিন্ডিকেট সরকারকে ঘিরে ফেলছে। গু-াতন্ত্রের দাপট চলছে। জাতীয় অর্থনীতির সক্ষমতা বৃদ্ধি এবং এত উন্নয়নের পরও নীতিকাঠামোগত দুর্বলতা এবং মুক্তবাজার অর্থনীতির মোহ থেকে বের হতে না পারায় সামাজিক-অর্থনৈতিক বৈষম্য ভয়ংকরভাবে বেড়েই চলেছে। জঙ্গিবাদ-দুর্নীতির সিন্ডিকেট-গু-াতন্ত্র-বৈষম্য মোকাবিলায় সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান গ্রহণ করতে হবে।’
সভায় ‘৪৫তম তাহের দিবস’ উপলক্ষে দলের মুখপত্র ‘লড়াই’-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর খসড়া রিপোর্ট উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার।
আলোচনা করেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, আব্দুল হাই তালুকদার, মোহাম্মদ ফজলুর রহমান বাবুল, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, মোহর আলী চৌধুরী, নইমুল হক চৌধুরী টুটুল, এম সবেদ আলী, আব্দুল মতিন মিঞা, আফজাল হোসেন খান জকি, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ুম, শওকত রায়হান, মো. মোহসীন, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, আব্দুল আলিম স্বপন, জাহাঙ্গীর আলম, অধ্যাপক রাজিউর রহমান বাবুল, অধ্যক্ষ শফিকুর রহমান, সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, অ্যাডভোকেট নিলঞ্জনা রিফাত সুরভী, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ।
সভায় দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশেষ আমন্ত্রণে কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্যরা অংশগ্রহণ করছেন। সভা আজ শনিবার রাত পর্যন্ত চলবে।
