বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন। শান্তিরক্ষায় অসামান্য অবদানের জন্য গত ২১ সেপ্টেম্বর তারা এ পদক পান। গতকাল শুক্রবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষায় অসামান্য অবদান ও উঁচুমানের পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএসএমএ) মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন। এমআইএনইউএসএমএ সদর দপ্তরে গত ২১ সেপ্টেম্বর এ পদক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমআইএনইউএসএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি ছিলেন। চিফ অপারেশনস শারফাদিন মার্গিস ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সদস্যরা অত্যন্ত সক্রিয় সহযোগিতা প্রদান করেছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এ মেডেল প্রদান করা হয়েছে।
এসময় কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা চলমান কভিড-১৯ মহামারীতেও সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রেখেছেন। তিনি এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের পদক প্রদান করায় তিনি জাতিসংঘ কর্র্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কমান্ডার বেলাল উদ্দিন এফপিইউ সদস্যদের মেডেল পরিয়ে দেন।
