সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য 'সৈয়দ শামসুল হক রচনাসমগ্র' প্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর তার ৮৫-তম জন্মবার্ষিকীতে এই সংকলনটি প্রকাশিত হবে।
প্রকাশনা সংস্থা ঐতিহ্যর প্রকাশক আরিফুর রহমান নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সৈয়দ শামসুল হকের রচনা বাংলা সাহিত্যের গৌরব। বাংলা সাহিত্যের ভূগোলে তিনি 'জলেশ্বরী' নামের কল্পিত ভূখণ্ডের স্রষ্টা। তার রচনাসমগ্র প্রকাশ করার দায়িত্ব পাওয়ায় আনন্দবোধ করছি।’
বাংলা সাহিত্যের সব শাখাতেই অবাধ বিচরণ ছিল সৈয়দ শামসুল হকের। তাকে বলা হয় 'সব্যসাচী' লেখক। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ছিলেন সৈয়দ শামসুল হকের।
কবিতা, গল্প, উপন্যাস, নাটক, কাব্যনাট্য, প্রবন্ধ-নিবন্ধ, শিশু-কিশোরসাহিত্য, সায়েন্স ফিকশন, সাহিত্য-কলাম, অনুবাদ, আত্মজীবনী, স্মৃতিকথা, ভ্রমণকাহিনী-সবক্ষেত্রেই ছিল তার পদচারণা।
এই সংকলনে থাকছে সৈয়দ হকের মর্মানুবাদে পবিত্র কুরআনের নির্বাচিত অংশের বাংলা ভাষ্য, তার রচিত চলচ্চিত্রের চিত্রনাট্য, বিখ্যাত গান, ইংরেজি রচনা এবং অঙ্কিত চিত্রকর্মের প্রতিলিপি।
