অভিযোগপত্র (চার্জশিট) হওয়ার আগে সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে নিয়োগকারী কর্র্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধান সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। সরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতি নেওয়াসংক্রান্ত সংশ্লিষ্ট আইনের ধারা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।
এদিকে কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক রুল এসেছে হাইকোর্টের একই বেঞ্চ থেকে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) নাজিম উদ্দিনকে পদায়ন দেওয়া থেকে বিরত থাকতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) এস এম রাহাতুল ইসলামকে বরিশালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রের দুই সচিব, আইন সচিব, জনপ্রশাসন সচিব, বরিশালের ডিসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
নির্যাতনের শিকার অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’-এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের পক্ষে গত ২৩ আগস্ট এ রিট আবেদনটি করা হয়। এতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনসহ চারজনকে বরখাস্ত না করে তাদের একজনকে পদায়নের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একই সঙ্গে ওই ঘটনায় জড়িত অন্য তিনজনকে পদায়ন না দেওয়ার নির্দেশনা চাওয়াসহ সরকারি কর্মচারীকে গ্রেপ্তারে পূর্বানুমতিসংক্রান্ত সংশ্লিষ্ট আইনটিকে চ্যালেঞ্জ করা হয় রিট আবেদনে।
আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু ও ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
অ্যাডভোকেট ইশরাত হাসান দেশ রূপান্তরকে জানান, ‘সাংবাদিক নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে ওই চারজনের বিরুদ্ধে কুড়িগ্রামে ফৌজদারি মামলা করা হয়। কিন্তু ঘটনার দেড় বছরে চারজনের কেউ আদালতে হাজির হননি। জামিনও নেননি। আইনের দৃষ্টিতে তারা এখনো পলাতক।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে রাহাতুল ইসলামকে বরিশালে সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হয়েছে। তিনি এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। আমাদের প্রশ্ন, ফৌজদারি মামলার পলাতক আসামি কীভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন? পুলিশকে যখন আমরা তাগিদ দেই তখন পুলিশ আইনের বিধিনিষেধের বিষয়টি উল্লেখ করে। ‘সংবিধান অনুযায়ী, আইনের দৃষ্টিতে আমরা সবাই সমান হলে তারা (সরকারি কর্মচারী) কেন বিশেষ সুবিধা পাবেন? এর পরিপ্রেক্ষিতে আমরা সরকারি কর্মচারী আইন, ২০১৮-এর ৪১ (১) ধারায় থাকা এ সংক্রান্ত বিধানটি চ্যালেঞ্জ করেছিলাম। আদালত রুল দিয়েছে।’
কুড়িগ্রাম জেলা প্রশাসনের একটি পুকুর তখনকার ডিসি সুলতানা পারভীনের নামে নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে গত বছরের ১৩ মার্চ মধ্যরাতে আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে মারধর করে তুলে নিয়ে যান জেলা প্রশাসনের কয়েক কর্মকর্তা। শারীরিকভাবে নির্যাতনের পর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে রিগানকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এনডিসি এসএম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
এছাড়া সুলতানা পারভীনের দুই বছরের জন্য বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থগিত, এনডিসি রাহাতুল ইসলামের তিনটি ইনক্রিমেন্ট কর্তন করে বরিশাল ডিসি অফিসে পদায়ন, আরডিসি নাজিম উদ্দিনকে নিম্ন ধাপে নামিয়ে দেওয়া এবং রিন্টু বিকাশ চাকমার চাকরিচ্যুতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে রিন্টু বিকাশ চাকমার বিষয়ে আদেশ জারি না হলেও অন্য তিনজনের বিষয়ে ইতিমধ্যে আদেশ জারি হয়েছে।
